ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) ভবনে এ অনুষ্ঠান হয়।
এসময় বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণের ফরামের সভাপতি সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাকি উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বিএনসিসির উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদার৷ এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান তুহিনসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে সরকারি ছুটির তালিকা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় দিবস, বৃহত্তর কুমিল্লা জেলার পরিচিত এবং কুমিল্লা ও চাঁদপুর জেলার ঐত্যিহাসিক ও দর্শনীয় স্থানসমূহের চিত্র সংযোজন করা হয়েছে। এসব ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আবাসিক হল ও গেস্টরুম ও গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে৷
সংগঠনটির সভাপতি সাইফুল্লাহ বলেন, আমাদের প্রকাশিত এই একাডেমিক ক্যালেন্ডার শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও পরিকল্পিত করতে সহায়ক হবে। একই সাথে এটি কুমিল্লা ও চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে তুলে ধরার একটি ব্যতিক্রমী উদ্যোগ। শিক্ষার্থীদের কল্যাণে আমরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করব।