বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) আর্মি উইংয়ের Battalion Collective Camping–2/2026-এ অংশ নিয়ে নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার পরিচয় দেওয়ার পাশাপাশি সাফল্য অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের আর্মি উইং এর ৬ ক্যাডেট কর্পোরাল।
গত ১৮ থেকে ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ ব্যাটালিয়ন ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের আর্মি উয়ং এর ক্যাডেটরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ক্যাম্পজুড়ে দায়িত্বশীলতা, নেতৃত্বগুণ ও দলগত সক্ষমতার মাধ্যমে তাঁরা কন্টিনজেন্টের প্রতিনিধিত্ব করেন।
ক্যাম্পে ক্যাডেট কর্পোরাল সুঞ্জিদা বাহার বর্ণা স্পোর্টস সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কোম্পানি-২-এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ক্যাডেট কর্পোরাল মোসাম্মাৎ সাবেকুন নাহের মুক্তা কোম্পানি-২-এর ফিমেল উইংয়ের কমান্ডার এবং ক্যাডেট কর্পোরাল সালমান আহমেদ সাইমন একই কোম্পানির মেল উইংয়ের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ক্যাডেট কর্পোরাল রাইসা সারওয়ার, মাহমুদা ও ঈসা রুহুল্লাহ বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট হোল্ডারের অধীনে ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
ক্যাম্পে প্রতিযোগিতামূলক আয়োজনেও ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেটরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। ক্যাডেট কর্পোরাল মোসাম্মাৎ সাবেকুন নাহের মুক্তা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি Best Cadet Female পুরস্কার অর্জন করেন। অন্যদিকে ক্যাডেট কর্পোরাল মো. ঈসা রুহুল্লাহ টেবিল টেনিস প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
ক্যাম্পে ক্যাডেটদের সামরিক দক্ষতা ও বাস্তবভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। এর মধ্যে রেইড, অ্যামবুশ, ম্যাপ রিডিং, অস্ত্র পরিচালনা ও বেয়নেট ফাইট-এর মতো সামরিক প্রশিক্ষণ উল্লেখযোগ্য। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে এসব প্রশিক্ষণ প্রদান করা হয়, যা ক্যাডেটদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ, দায়িত্ববোধ ও সময় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি আরও বিকশিত হয়। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনের সুযোগ পান ক্যাডেটরা।
ক্যাম্পের শেষ দিনে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ ও কর্মব্যস্ততার পর ক্যাডেটদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং ক্যাম্পের স্মরণীয় অভিজ্ঞতাগুলো উদযাপন করা হয়।
ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেটদের সাফল্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পে দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেটদের অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, Battalion Collective Camping–2/2026-এর অর্জিত অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ভবিষ্যতে ক্যাডেটদের নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাঁরা দেশের সেবায় আরও দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবেন।