খালিদা বউফেদেশ ক্ষমতাসীন ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (এফএলএন) কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া ঐতিহাসিক এ দলটি বর্তমানে আলজেরিয়া সরকারের প্রধান রাজনৈতিক মিত্র।
সম্প্রতি অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৪০৭ সদস্যের জাতীয় পরিষদে ৯১টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয় এফএলএন। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল দেশটির ইতিহাসে সর্বনিম্ন—মাত্র ২১ শতাংশ।
জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে খালিদা বউফেদেশ স্থানীয় সরকার পর্যায়ে দায়িত্ব পালন করেন। এবার তিনি এমন এক পার্লামেন্টের নেতৃত্ব গ্রহণ করলেন, যেখানে নারীদের প্রতিনিধিত্ব এখনও খুবই সীমিত। বর্তমান পার্লামেন্টে ৪০৭ সদস্যের মধ্যে নারী রয়েছেন মাত্র ২৫ জন, যা মোট আসনের প্রায় ৬ শতাংশ।
এর আগে গঠিত পার্লামেন্টে নারী সদস্য ছিলেন ৩৮ জন। আর ২০১৭ সালের নির্বাচনে নারী কোটা ব্যবস্থা চালু থাকায় সে সময় ১১৮ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, খালিদা বউফেদেশের এই নির্বাচন আলজেরিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও দেশটির আইনসভায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।