জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডশিপ ক্যাম্প’। শুক্রবার (৩১ জুলাই) জাককানইবি'র কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দুই বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্বগুণ ও দলগত দক্ষতা বিকাশের লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে দুই প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচিতে রোভার স্কাউটিংয়ের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন, ফান অ্যাক্টিভিটি, প্রকৃতি পর্যবেক্ষণ ও ট্রেজার হান্টসহ নানা আয়োজন ছিল। এসব কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রোভারদের মধ্যে পরিচিতি ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল হোসেন তোকদার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) ড. মো. জহিরুল আলম।
আয়োজকদের মতে, স্কাউটিংয়ের মূল চর্চার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোভারদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হলে তাদের সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও সমৃদ্ধ হয়। সেই ধারাবাহিকতায় দুই বিশ্ববিদ্যালয়ের রোভারদের নিয়ে প্রথমবারের মতো এ ফ্রেন্ডশিপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।