ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছে শাখা তালাবায়ে আরাবিয়া৷ শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়।
এসময় সংগঠনটির সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জাকির হুসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, অধ্যাপক ড. নাছির উদ্দিন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হুসাইন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়াও আরও সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুন্তাকিম, সহ-সভাপতি আরিফুল ইসলাম, শাকিল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক তালহা বিন নিজামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অধ্যাপক ড. জাকির হুসাইন একজন দক্ষ ও দূরদর্শী ছাত্রনেতা হিসেবে তাঁর নেতৃত্বের যাত্রা শুরু করে পরবর্তীতে শিক্ষক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষা, নেতৃত্ব ও সাংগঠনিক অঙ্গনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
বক্তারা আরও বলেন, অধ্যাপক ড. জাকির হুসাইন একই সঙ্গে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও দক্ষ সংগঠক। তাঁর দীর্ঘদিনের নেতৃত্বের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী চিন্তাভাবনা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
অধ্যাপক ড. জাকির হুসাইন বলেন, আজকের এত সুন্দর আয়োজনের জন্য তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। জীবনে যা কিছু অর্জন করেছি, যা কিছু শিখেছি তার পেছনে ছিল তালাবায়ে আরাবিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা। ছাত্রজীবনে আন্দোলন করতে গিয়ে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তবুও, লক্ষ্য থেকে বিচ্যুতি হয়নি। আমার আজকের এই অর্জন জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র জন্য উৎসর্গ করলাম। আশা করছি, সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেত পারব৷