চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র-ইরান বহুল আলোচিত শান্তি চুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর পোস্টে উল্লেখ করেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিটি চূড়ান্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত হওয়ার পরপরই ডিজিটাল মাধ্যমে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হবে এবং এর ধারাবাহিকতায় আগামী সপ্তাহে কারিগরি স্তরের আলোচনা শুরু হবে।’
ঐতিহাসিক এই শান্তি আলোচনার পুরো প্রক্রিয়াজুড়ে প্রতিশ্রুতি বজায় রাখার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের নেতৃত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে এই আলোচনাকে সফল করতে মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক যেসব দেশ সমর্থন ও সহযোগিতা করছে, তাদেরও ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ধরে চলা যুদ্ধাবস্থার অবসানে এই চুক্তির গুরুত্ব তুলে ধরে শাহবাজ শরিফ তাঁর বার্তার শেষে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তিটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।’
উল্লেখ্য, পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার কয়েকটি ধাপের সফল আয়োজন করেছিল। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা এই ঘোষণাটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দুই দেশের মধ্যকার যুদ্ধাবস্থা অবসানের সবচেয়ে বড় আভাস হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গত ১১ ও ২১ এপ্রিল দুই ধাপে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আয়োজন করেছিল পাকিস্তান। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।