বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় নিয়ামুল বাসির (৫৩) নামে এক ব্যক্তিকে মাথায় ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। তিনি হজ এজেন্সির মোয়াল্লেম ছিলেন বলে জানা গেছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা স্টেশনের দক্ষিণে শিমুলিয়ায় রেললাইনের পাশ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নিয়ামুল বাসির রাজশাহীর বাগমারা উপজেলার নামকান এলাকার মৃত নজিবুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে নওগাঁ সদরের রজাকপুর এলাকায় বসবাস করতেন। নিয়ামুল নওগাঁর মক্কা হজ এজেন্সির মোয়াল্লেম ছিলেন।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, নিয়ামুল বাসির মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে স্ত্রীকে জানান, তিনি বাড়িতে ফিরে এশার নামাজ আদায় করবেন। এরপর থেকে মোবাইল ফোনে রিং হলেও তিনি ধরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা স্টেশনের দক্ষিণে শিমুলিয়ায় রেললাইনের পাশে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, ভাইয়ের কাছে থাকা টাকা, হাতঘড়ি, মোবাইল ফোন কিছুই খোয়া যায়নি। তার ধারণা, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায় চায়নিজ কুড়ালের আঘাতে তাকে (নিয়ামুল) হত্যা করা হয়েছে। তিনি তার ভাইয়ের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, নিহত নিয়ামুল বাসিরের মাথায় ধারাল অস্ত্রের আঘাত আছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন নাকি দুর্বৃত্তরা মাথায় ধারাল অস্ত্রের আঘাতে তাকে হত্যা করেছে- সেই ব্যাপারে বিস্তারিত জানা যাবে।