গ্রেফতার শাকিল মিয়া ওরফে শাকিল খান উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টি সবসময় মাদক, জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।