ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের পুরাতন ভবনের (ডালিম) ক্যান্টিনে খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থীর খাবারে কেঁচো পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ক্যান্টিনে খাবারের মান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। এর আগেও বিভিন্ন ক্যান্টিনের খাবারে পোকামাকড়সহ অনাকাঙ্ক্ষিত বিভিন্ন বস্তু পাওয়ার অভিযোগ উঠেছে। ফলে আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে জরুরি বৈঠকে বসে শেখ মুজিবুর রহমান হল প্রশাসন। বৈঠকে হলের আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া হল সংসদের নেতৃবৃন্দও এতে অংশ নেন।
বৈঠকে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ক্যান্টিনের পরিচালক মো. ডালিম সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়েছে এবং বাকি ৫ হাজার টাকা আগামী দুই দিনের মধ্যে হল অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভবিষ্যতে একই ধরনের ঘটনা পুনরায় ঘটলে সংশ্লিষ্ট ক্যান্টিনের বরাদ্দ স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, ক্যান্টিনে খাবারের মান নিয়ে বারবার অভিযোগ উঠলেও এখনো সব ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের দাবি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে নিয়মিত খাবারের মান পরীক্ষা, ক্যান্টিনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীরা মনে করেন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার তাদের মৌলিক অধিকার। তাই শুধু জরিমানা নয়, ভবিষ্যতে যাতে কোনো ক্যান্টিনে খাবারের মান নিয়ে এমন অভিযোগ না ওঠে, সে জন্য হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া জরুরি।