সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখলেন প্রফেসর আল্-ফোরকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান মঙ্গলবার ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের HEAT উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় তিনি আধুনিক ল্যাব, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা দেখেন এবং গবেষণায় জোর দেওয়ার নির্দেশনা দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৩টায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চলমান HEAT (Higher Education Acceleration and Transformation) উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভাগের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপাচার্য উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম, আধুনিকায়নকৃত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, কনফারেন্স রুম এবং জিআইএস ও রিমোট সেন্সিং ল্যাব স্থাপনের অগ্রগতি প্রত্যক্ষ করেন। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও সরেজমিনে দেখেন।
উপাচার্য বলেন, হিট প্রকল্পের ফলে বিভাগের অবকাঠামোগত আমূল পরিবর্তন ঘটেছে এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি এখন একাডেমিক এক্সিলেন্স ও প্রয়োগমুখী গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং শিল্প-খাত ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।
পরিদর্শনকালে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপ-প্রকল্পের এসপিএম প্রফেসর ড. অলক পাল, এএসপিএম-১ প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ এবং এএসপিএম-২ প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান উপাচার্যকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরিয়ে দেখান।
উল্লেখ্য, HEAT উপ-প্রকল্পের আওতায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে বর্তমানে ১৮ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা চালু হয়েছে এবং ১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা পূর্ণ মাত্রায় চলমান রয়েছে।