পরিবেশ ও টেকসই উন্নয়নভিত্তিক উদ্যোগ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান The Earth Society আয়োজিত "ইকো লিডার্স (Eco Leaders)" বুটক্যাম্পে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিদ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ২১৩টি দলের মধ্যে নিজের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ১ লাখ টাকা সিড ফান্ডিং লাভ করেন।
মাহিদের উপস্থাপিত প্রকল্পের মূল বিষয় ছিল মেডিসিনাল প্ল্যান্ট (ঔষধি উদ্ভিদ)। প্রকল্পটি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় ইতিবাচক অবদান রাখার সম্ভাবনা তুলে ধরেছে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্ভাবনী ধারণা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।মাহিদের এই অর্জনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার এ সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি দেশের তরুণ উদ্ভাবকদের জন্যও অনুপ্রেরণার উৎস।