চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও দক্ষ জনবল তৈরিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। রবিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিএসআর ও বাণিজ্যিক সহযোগিতার এ আশ্বাসের পর উভয় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তাদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরে এ দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন প্রাঙ্গণে একটি যৌথ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বর্তমান বিশ্বের সাথে তাল মেলাতে একাডেমিক জ্ঞান ও শিল্প খাতের বাস্তব চাহিদার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে তুলতে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সুদৃঢ় সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। ইন্ডাস্ট্রিগুলোর বাস্তব চাহিদা এবং একাডেমিয়ার তাত্ত্বিক ও গবেষণালব্ধ জ্ঞানের সমন্বয় ঘটাতে পারলে দেশের অর্থনীতি ও শিক্ষা খাত উভয়ই লাভবান হবে।"
অন্যদিকে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ চবির সাথে তাদের সুদীর্ঘ সম্পর্ক আরও প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও বাণিজ্যিক সহযোগিতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক পদক্ষেপে পাশে থাকার প্রাতিষ্ঠানিক আগ্রহের কথা তুলে ধরেন তাঁরা।
মতবিনিময় সভা শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আয়োজনে এবং চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায়ী প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন ও ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম। ব্যাংকটির পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এস. এম. আবু জাফর, সিবিএমও ও ইভিপি মোহাম্মদ সালামাত উল্লাহ, ভিপি মোহাম্মদ হাবিব হায়দার, এসএভিপি মোহাম্মদ আরিফুর রহমান, এসএভিপি মো. আমাদুল হক, এভিপি মোহাম্মদ ফোরকান এবং এফএভিপি আবদুল্লাহ আল রাজীব (তুর্জ)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, প্রোভোস্ট ও শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।