প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের স্মরণে বাঁধন বিজয় একাত্তর হলের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
ডেস্ক নিউজ ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, বিজয় একাত্তর হল ইউনিট-এর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনেকেই এ কর্মসূচির মাধ্যমে প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন। আয়োজকদের মতে, নিজের রক্তের গ্রুপ জানা ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি জরুরি মুহূর্তে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজয় একাত্তর হলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মামুন হোসেন আফাজ, হলের সম্মানিত এজিএস, উপদেষ্টা শিক্ষক, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন হল থেকে আগত বাঁধনের কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সম্মানিত সাধারণ সম্পাদক।আয়োজকরা জানান, কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের আন্তরিক অংশগ্রহণ ও নিরলস পরিশ্রম এ উদ্যোগকে সফল করেছে। পাশাপাশি শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাঁধন, বিজয় একাত্তর হল ইউনিটের সাধারণ সম্পাদক মামুন হোসেন আফাজ বলেন, “মানুষের কল্যাণে ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবাইকে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে সচেতন হওয়ার আহ্বান জানাই।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতায় এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালিত হবে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন