প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
বিমানে ঘুমন্ত নারীকে আপত্তিকর স্পর্শ, যুবকের ৩ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক ||
ঘটনাটি ঘটে দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি রাতের ফ্লাইটে। বিমানটি অবতরণের পরপরই থাই পুলিশ অভিযুক্ত যাত্রীকে আটক করে।
গিত ৩ আগস্ট বিউট অর্নিচা নামের ভুক্তভোগী ওই নারী নিজের ফেসবুক পেইজে ঘটনাটি শেয়ার করেন। অর্ননিচা জানান, চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দুবাই থেকে ব্যাংকক যাচ্ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ করেন, কাছের আসনে বসা এক পাকিস্তানি যাত্রী তার আসনের ওপর হাত রেখে বসে আছেন। বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হলেও তখন তিনি সেটিকে গুরুত্ব দেননি।
পরে সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকেই খাওয়া ঘুমের ওষুধের প্রভাবে মেয়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যান তিনি। একপর্যায়ে ঘুম ভাঙার পর অর্ননিচা অনুভব করেন, কেউ তার শরীরের ডান পাশের নিতম্বের কাছে স্পর্শ করছে। একই সঙ্গে সেখানে ভেজা অনুভূতিও পান। তখন তার গায়ে একটি কম্বল ছিল।
প্রথমে বিষয়টি নিয়ে তিনি বিভ্রান্ত ছিলেন। তবে কিছুক্ষণ পর পাশের ওই যাত্রীকে তার দিকে তাকিয়ে থাকতে এবং বিমানের বিনোদনব্যবস্থার স্ক্রিন নিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখে তার সন্দেহ আরও বাড়ে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর তিনি পাশের যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন এবং বিষয়টি নিশ্চিত হয়ে কেবিন ক্রুদের জানান। এরপর বিমানকর্মীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ স্বীকার করে ক্ষমা চান।
তবে ভুক্তভোগী বিষয়টি কোনোভাবেই মীমাংসা করতে রাজি হননি। তিনি ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশ উপস্থিত রাখার অনুরোধ করেন। এ সময় সহায়তার জন্য আসা এক থাই কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর প্যান্টে একটি দাগ দেখতে পান। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘুমন্ত অবস্থায় তাঁর সঙ্গে আরও গুরুতর ঘটনা ঘটেছে বলে ধারণা করেন।
থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত শেষে অভিযুক্তকে আদালতে হাজির করে। আদালত তাকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে অর্ননিচা বলেন, বহুবার আন্তর্জাতিক ভ্রমণ করলেও এমন ঘটনার মুখোমুখি কখনো হননি। তিনি বিশেষ করে একা বা সন্তানসহ ভ্রমণকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক ফ্লাইটে অপরিচিত সহযাত্রীর বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন