প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার জন্মদিনে ইবিতে দোয়া মাহফিল
মোহাম্মদ সবুজ , কাম্প্যাস প্রতিনিধি ||
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়ার পুরো জীবনটাই বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। ফলে বিভিন্ন সময়ে তিনি নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন।’তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।’প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৯১ সালে তাঁর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে এবং তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও সরকার পরিচালনা করেন। গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয়তাবাদী রাজনীতি ও দেশের রাজনৈতিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কারাবরণ, মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তাঁর প্রভাব ও উত্তরাধিকার আজও গুরুত্বপূর্ণ।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন