প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
পাংশায় গভীর রাতে জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি
ডেস্ক নিউজ ||
রাজবাড়ী পাংশার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে ৩টি জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (১৬ আগস্ট) দিবাগত ভোররাত ৩-৪টার মধ্যে বাজারটির রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে ৩টি জুয়েলারি ও ১টি ওষুধের দোকানে এ ডাকাতি হয়।
স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত মার্কেটে হানা দেয়। তারা প্রথমে মার্কেটের নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে ৪টি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়। এই ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভোরে একজন ফোন করে জানায়- তার দোকানে ডাকাতি হয়েছে। পরে এসে দেখেন সব নিয়ে গেছে। দোকানে দেড় ভরি স্বর্ণ ও ২৮০ ভরি রুপা ছিল। বাজারের তিন জন নাইটগার্ড ছিল। বাজারের একপাশে থাকায় একজন এ বিষয় কিছুই টের পাননি। অন্য দুজনের হাত-পা বেঁধে বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে নিয়ে ফেলে রেখে ছিল ডাকাত দল।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ এ বিষয় নিয়ে কাজ করছে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন