প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
ঢাবিতে প্রথম জাতীয় জলবায়ু অলিম্পিয়াড, পুরস্কার পেল ৩৯ শিক্ষার্থী
মো শাহাদাত হোসেন , কাম্প্যাস প্রতিনিধি ||
জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সংকট মোকাবিলায় তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড ২০২৬’। এতে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের ৩৯ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।জিরো কম্পিটিশন্স এবং সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (SLSN)-এর যৌথ উদ্যোগে শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান বি এম রাব্বী হোসেন, ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয় এবং সিনিয়র সমন্বয়কারী দেলোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ক্রমাগত বাড়ছে। এর ফলে বৈশ্বিক উষ্ণায়নও তীব্র হচ্ছে।তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশকে ব্যাপকভাবে মোকাবিলা করতে হচ্ছে। বন্যা, খরা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। ক্যাটাগরিগুলো হলো—জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি।এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ১০ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৫ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তিন ক্যাটাগরি মিলিয়ে মোট ৩৯ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন