প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত
ডেস্ক নিউজ ||
চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিতচুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ঢাকায় অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের নিয়ে ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়নে উৎসাহিত করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও শাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান টরিক এবং আর্থমুভিং গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মজিবুল হক।এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরিফুজ্জামান, মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ড. মো. ওয়াহিদুজ্জামান, ন্যাচারাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কে নুর-এ-শহীদ রানা, বঙ্গজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল হক, রয়্যাল এক্সপ্রেসের পরিচালক মো. সামসুর রশিদ (দীপু) এবং গ্র্যান্ড সৈয়দ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ আসিফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, শুধু কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার জন্য এ আয়োজন নয়। এর মূল উদ্দেশ্য পরবর্তী প্রজন্মকে লেখাপড়া, শিক্ষা, মেধা ও জ্ঞানচর্চায় আরও বেশি উদ্বুদ্ধ করা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাঁদের আগের প্রজন্মের তুলনায় মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমে অনেক এগিয়ে।তিনি বলেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। ভয় লাগে এই কারণে যে, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে। তোমাদের প্রজন্মের নাম জেন-জি।’নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে আইনমন্ত্রী বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা অবস্থায় তাঁদের অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, ডাক্তার মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য সহযোদ্ধা জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।তিনি আরও বলেন, ‘আমরা ভাবতেও পারিনি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে এমন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তৈরি হবে। গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তাঁদের অনেকে এখনো ফিরে আসেননি। স্বজনেরা এখনো তাঁদের ফিরে আসার অপেক্ষায় আছেন।’বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও শাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামান টরিক বলেন, তরুণদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের লক্ষ্য শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বরং ভবিষ্যতের জন্য যোগ্য উত্তরসূরি তৈরি করা। তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি বলেন, একজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়াও বড় অনুপ্রেরণার বিষয়। এমন উদ্যোগ দেখে অন্যরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত হন। ভালো কাজ করতে গেলে নানা বাধা আসবে। তবে সাহস ও সদিচ্ছা নিয়ে এগিয়ে গেলে সেসব বাধা অতিক্রম করা সম্ভব।প্রকৌশলী মো. মজিবুল হক বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের প্রথকলেজে ম বর্ষ থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। শুধু সরকারি চাকরিকে একমাত্র লক্ষ্য হিসেবে না দেখে বেসরকারি খাত, উদ্যোক্তা হওয়া, উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে।তিনি বলেন, লক্ষ্য নির্ধারণের পর তা অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সময় নষ্ট না করে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। চুয়াডাঙ্গার মানুষ হিসেবে নিজেদের অবস্থান তৈরির পাশাপাশি জেলার সুনাম ও মর্যাদা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও কর্মজীবনে সফলতার জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার ২০০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি নবেল মাহমুদ সূর্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাসান আল নোমানের সঞ্চালনায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন