প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
মোংলার দুই গ্রামে কৃষকদের সচেতনতায় ‘ফার্ম পলিসি ব্রিজ’
ডেস্ক নিউজ ||
উপকূলীয় অঞ্চলের কৃষকদের মধ্যে কৃষি ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের সঙ্গে নীতিনির্ধারকদের যোগাযোগের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে কাজ করছে ‘ফার্ম পলিসি ব্রিজ’। এ উদ্যোগের অংশ হিসেবে বাগেরহাটের মোংলার দুটি গ্রামে কৃষকদের নিয়ে দিনব্যাপী কমিউনিটি এনগেজমেন্ট কার্যক্রম পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।মঙ্গলবার (১০ নভেম্বর) মোংলার সোনাইতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামে ও চিলা ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে আয়োজিত এ কার্যক্রমে দুই গ্রামের ১৫০ জনেরও বেশি কৃষক অংশগ্রহণ করেন।প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়নে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আশরাফি জান্নাত প্রমি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেখ জামিল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের অরিত্রী চক্রবর্তী প্রাপ্তি এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের জান্নাতুল মাওয়া।কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তাঁর একান্ত সচিবের মাধ্যমে মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় সহযোগিতার জন্য অবহিত করা হয়। পরবর্তীতে মোংলা উপজেলা প্রশাসনের সমন্বয়ে পুরো কার্যক্রমটি পরিচালিত হয়।জাতিসংঘ একাডেমি ফর ইমপ্যাক্ট (United Nations Academy for Impact) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের (Millennium Campus Network) যৌথ আয়োজনে ইউএন মিলেনিয়াম ফেলোশিপ ২০২৬ ব্যাচের আওতায় ‘ফার্ম পলিসি ব্রিজ’ নির্বাচিত হয়। বিশ্বের ছয় হাজারেরও বেশি ক্যাম্পাসের ৭৬ হাজারের বেশি তরুণ নেতার উদ্যোগের মধ্য থেকে নির্বাচিত প্রকল্পগুলোর একটি এটি।আয়োজকেরা জানান, আলোচনাভিত্তিক সেশন ও সরাসরি জনসম্পৃক্ততার মাধ্যমে স্থানীয় কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপন, তাঁদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলো জানা এবং কৃষি ও জলবায়ু-সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় ও নীতিমালা সম্পর্কে সচেতনতা তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।কর্মসূচিতে শিক্ষার্থীরা সরাসরি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষকেরা কৃষি, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও অভিযোজনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ পান তাঁরা। আলোচনার বিষয়গুলো সহজে বোঝাতে কৃষকদের মধ্যে সহজ বাংলায় তৈরি তথ্যবহুল লিফলেটও বিতরণ করা হয়।‘ফার্ম পলিসি ব্রিজ’-এর মাধ্যমে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাঁদের প্রয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট নীতিমালার সংযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের কৃষকদের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য, সচেতনতা ও অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং কৃষক, স্থানীয় প্রশাসন ও নীতিনির্ধারকদের মধ্যে যোগাযোগ জোরদার করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন। ‘ফার্ম পলিসি ব্রিজ’ উদ্যোগটি তারুণ্যের অংশগ্রহণ, সম্মিলিত প্রচেষ্টা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে সেই প্রচেষ্টারই একটি উদাহরণ।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন