প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
খেলাধুলা ডেস্ক ||
আর্জেন্টিনা ম্যাচ জিতলে ন্যাড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। সেই কথা রাখতেই ন্যাড়া হলেন ব্রাজিলের এই কট্টর সমর্থক।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে ওই শিক্ষার্থী তার পূর্বঘোষণা বাস্তবায়ন করেন। জালাল নিজেকে ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক হিসেবে পরিচয় দেন।
জালাল ফরহাজী বলেন, ‘আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের আগে বলেছিলাম, আর্জেন্টিনা জিতলে মাথা ন্যাড়া করবো। যেহেতু কথা দিয়েছিলাম, তাই আজ আমি তা বাস্তবায়ন করেছি।’
তিনি আরও বলেন, ‘ন্যাড়া হওয়ার ঘোষণার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে ন্যাড়া হবো। তাহলে ন্যাড়া হওয়া লাগত না। আলটিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই ন্যাড়া হচ্ছি।’
এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থক জাহিদ হাসান বলেন, ‘সে আমার ছোট ভাইয়ের মতো। খেলার আগে যে ঘোষণা দিয়েছিল, আজ সেটি বাস্তবায়ন করেছে। কথা রাখার জন্য তাকে সাধুবাদ জানাই।’
আর্জেন্টিনা সমর্থক আলামিন রিজভী বলেন, ‘সে স্বেচ্ছায় এই ঘোষণা দিয়েছিল এবং আজ সেটি বাস্তবায়ন করেছে। নিজের কথা রাখায় আমরা তাকে ধন্যবাদ জানাই।’
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন