প্রিন্ট এর তারিখ : ০৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা
বিনোদন ডেস্ক ||
শনিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত সেন্সর সার্টিফিকেট ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, ছবিটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন জানায়, ছড়িয়ে পড়া সার্টিফিকেটটি সম্পূর্ণ ভুয়া।
প্রতিষ্ঠানটির ভাষ্য, সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করলেও এখনো চূড়ান্ত সনদ দেয়নি। বরং নির্মাতাদের কাছে আরও কিছু সংশোধনের নির্দেশনা পাঠানো হয়েছে। সেসব পরিবর্তন সম্পন্ন করে ছবিটি আবার জমা দেওয়ার পরই চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হবে।
এ কারণে মুক্তির একেবারে শেষ ধাপে পৌঁছেও ‘জন নায়াগন’ এর মুক্তির দিনক্ষণ এখনো নিশ্চিত হয়নি।
কেভিএন প্রোডাকশনের বিজনেস প্রধান সুপ্রিথ মোহন জানিয়েছেন, নির্মাতাদের লক্ষ্য জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়া। ইতোমধ্যে তামিলনাড়ুর বিভিন্ন প্রেক্ষাগৃহ আগাম বুকিংয়ের প্রস্তুতি নিচ্ছে। ফলে সেন্সর ছাড়পত্র মিললেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এইচ বিনোধ পরিচালিত রাজনৈতিক নাট্যধর্মী ‘জন নায়াগন’ প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি পোঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির কথা ছিল। তামিল সিনেমার সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি এটি। কারণ, এতে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ২০২৪ সালে রাজনৈতিক দল গঠনের পর রাজনীতিতে সক্রিয় হয়ে পরে নির্বাচনে জয়ী হন তিনি। ফলে রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিই তার শেষ চলচ্চিত্র হিসেবে ধরা হচ্ছে।
ছবিটির মুক্তি বিলম্বিত হওয়ার পেছনে রয়েছে দীর্ঘ সেন্সর প্রক্রিয়া। ২০২৫ সালের ২২ ডিসেম্বর সিবিএফসির পরীক্ষক কমিটি কয়েকটি কাটছাঁটের শর্তে ইউ/এ সনদের সুপারিশ করেছিল। নির্মাতারা সংশোধন করে ছবিটি পুনরায় জমা দিলেও পরে কিছু অভিযোগের ভিত্তিতে সেটি পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠানো হয়। অভিযোগ ছিল, ছবির কয়েকটি দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সশস্ত্র বাহিনীকে বিতর্কিতভাবে উপস্থাপন করেছে।
এর মধ্যেই ২০২৬ সালের এপ্রিলে সেন্সর প্রক্রিয়া চলাকালে ছবিটির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। ঘটনাটি তদন্ত করে তামিলনাড়ু সাইবার ক্রাইম শাখা। পরে এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌতম মেনন, প্রিয়া ভবানী শংকর ও যোগী বাবু।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন