প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
সেনাদের রান্না করা খাবার তুলে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেস্ক নিউজ ||
আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে দেশনায়কের আকস্মিক উপস্থিতিতে বিস্ময়ের আনন্দে হতচকিত হয়ে ওঠেন, মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের প্রশিক্ষণার্থীরা। বিস্তীর্ণভূমি পায়ে হেঁটে তিনি পরিদর্শন করেন তাদের প্রশিক্ষণ।
দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখে—সজাগ সান্ত্রীর মতো প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। দায়িত্বরত কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা, শিক্ষানবিশ ছাত্রের প্রথম সবকের মতো শোনেন পিনপতন নিরবতায়। এবং গেরিলা যোদ্ধার তীক্ষ্ণ-সর্তক চোখে প্রত্যক্ষ করেন সেনাসদস্যদের ‘রেইড’ মহড়া।
এরপর কৌতূহলী সেনাপতির মতো তিনি নেমে পড়েন বাঙ্কারে। যেন—মহড়ার মতো এগিয়ে গিয়ে, মহড়ার অফিসার ও গাছের গভীর-ঘন পাতার আবডালে থাকা ছদ্মবেশী সেনাসদস্যদের সাথে করেন রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবতার সম্মুখাভিজ্ঞতা নিয়ে চিন্তাবিনিময়।
বহুলাকাঙ্ক্ষিত মূল্যবান হিরক কিংবা অপ্রত্যাশিতপ্রাপ্তির মতো উচ্ছ্বাসিত হয়ে ওঠেন মহড়ার সেনারা; যখন তাদের তাৎক্ষণিক রান্না করা গেরিলাধাঁচের খাবার আর চা খেয়ে প্রধানমন্ত্রী বুঝি জানিয়ে দিতে চান— ‘মাতৃভূমির দাবি।’
ওই দাবির দায়িত্ব নিয়ে সেনাসদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে।’
জাতীয় সঙ্কট ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মানিকগঞ্জে তারেক রহমানের প্রথম সফর নিয়ে আবেগাপ্লুত স্মৃতিচারণায় জেলা বিএনপির সদস্য, মানিকগঞ্জ জজকোর্টের পিপি আ ফ ম নূরতাজ আলম বাহার নয়া দিগন্তকে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেলার শিবালয় উপজেলার কাশাদহ এলাকায় নিজ হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। সদর উপজেলার নবগ্রামকে ভালোবেসে তিনি এই গ্রামকে নিজের গ্রাম ঘোষণা করেছিলেন। গ্রামের জনগণ জিয়াউর রহমানের ভালোবাসার ভালোবাসায় সিক্ত হয়ে গ্রামের কিছু জমি তার নামে লিখে দিয়েছিলেন।’
তিনি বলেন, ‘এখানে এখনো রয়েছে জিয়া শিশুপার্ক। তিনি ১৯ বার মানিকগঞ্জ সফর করেছিলেন। মানিকগঞ্জের মানুষ শহীদ জিয়াউর রহমানকে তাদের নিজ জেলার মানুষ-ই মনে করেন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান অতিদ্রুতই মানিকগঞ্জে তার বাবার স্মৃতিবিজড়িত স্থানগুলো সফর করবেন এবং জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলার দাবি অগ্রাধিকারে রাখবেন।’
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন