প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
আব্বাস-চামেলীর নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি
প্রীতম কান্তি গোপ ||
কুবি প্রতিনিধি :"জ্ঞান থেকে প্রেরণা, মেধা থেকে সাফল্য" এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কুইজ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্বাস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান শিক্ষার্থী চামেলী চক্রবর্তী।মঙ্গলবার (৭ জুলাই) সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির প্রতিষ্ঠাতা মো. অহিদুল ইসলাম রাকিব।সংগঠনের নবনিযুক্ত সাধারণ সম্পাদক চামেলী চক্রবর্তী বলেন, "সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার মূল লক্ষ্য হবে ক্যাম্পাসে মেধা ও সাধারণ জ্ঞানচর্চার একটি সুন্দর পরিবেশ তৈরি করা। শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে নিয়মিত কুইজ প্রতিযোগিতা ও তথ্যমূলক কর্মশালার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আরও উদ্বুদ্ধ করতে চাই। সবার সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা এই সোসাইটিকে আরও সমৃদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।"সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। কুইজ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি জ্ঞানচর্চা, যুক্তিবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি শক্তিশালী মাধ্যম। আমাদের লক্ষ্য হবে এমন একটি জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি শিক্ষার্থী কুইজ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে এবং নিজের মেধা বিকাশে উৎসাহিত হবে। নিয়মিত ইন-হাউস কুইজ, আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মশালা এবং জ্ঞানভিত্তিক বিভিন্ন আয়োজনের মাধ্যমে কুইজ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করব।"সংগঠনটির উপদেষ্টা মো. গোলাম মাহমুদ পাভেল বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা, বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বিস্তৃত করা এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি যাত্রা শুরু করেছে। এই সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানভান্ডারকে আরও সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। পাশাপাশি বিভিন্ন চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও শিক্ষার্থীদের সহায়তা করবে।"উল্লেখ্য, ২০২৩ সালের ০১ এপ্রিল প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা, বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বিস্তৃত করা এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন