প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
মাটির নিচে লুকিয়ে রাখা ১১ ভরি স্বর্ণ চুরি, সিসিটিভি দেখে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার
ডেস্ক নিউজ ||
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে গাংনী থানা ও বামন্দী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বারাদি এলাকা থেকে আলাল খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকায় অপর অভিযুক্ত মোমিন খানের শ্বশুরবাড়ি থেকে চুরি যাওয়া অলঙ্কারের একটি বড় অংশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলাল খান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্দা গ্রামের বাসিন্দা শাহীন দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত। তার বাড়িতে থাকেন বৃদ্ধা মা নার্গিস বানু ও দুই বোন। নিরাপত্তার জন্য নার্গিস বানু নিজের এবং দুই মেয়ের নেকলেস, চুড়ি, কানের দুল, চেইন ও আংটিসহ মোট ১১ ভরি ১৪ আনা ওজনের স্বর্ণালঙ্কার একটি প্লাস্টিকের কৌটায় রেখে পলিথিনে মুড়িয়ে ঘরের সিঁড়ির নিচে মাটির নিচে লুকিয়ে রাখেন।
সম্প্রতি ওই বাড়িতে পাঁচজন টাইলস মিস্ত্রি কাজ শুরু করেন। রোববার (৫ জুলাই) বিকেলে তারা কাজ শেষে চলে যাওয়ার পর নার্গিস বানু গয়না রাখা স্থান পরীক্ষা করে দেখেন, কৌটাটি নেই। বিষয়টি তিনি প্রবাসী ছেলেকে জানালে শাহীন বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন।
ফুটেজে দেখা যায়, কাজ করার সময় এক মিস্ত্রি মাটি খুঁড়ে গয়নার কৌটাটি বের করে কৌশলে আরেকজনের হাতে দেন। পরে দুজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফুটেজ দেখে স্থানীয়রা কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা মোমিন খান (৩৬) ও আলাল খানকে শনাক্ত করেন।
এ ঘটনায় নার্গিস বানু বাদী হয়ে গাংনী থানায় চুরির মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ আলাল খানকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের একটি বড় অংশ উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ বলেন, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। পলাতক আসামি মোমিন খানকে গ্রেপ্তার এবং বাকি অলঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন