প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব কৃষকেরা, দিল্লির আগে মিছিল আটকে দিল পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক ||
পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশ ব্যারিকেড স্থাপন করে, যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘দিল্লি চলো-২’ আন্দোলনের স্মৃতিই ফিরিয়ে আনে। সে সময় কৃষকদের রাজধানী দিল্লিতে প্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কংক্রিটের ব্লক, লোহার কাঁটা এবং বহুস্তরীয় ব্যারিকেড বসিয়ে এলাকাটিকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছিল।
দিল্লিতে যাওয়ার অনুমতি না পেয়ে কৃষকেরা শম্ভু সীমান্তকেই প্রতিবাদস্থলে পরিণত করেন। তারা অভিযোগ করেন, হরিয়ানা ও পাঞ্জাব উভয় সরকারই তাদের দিল্লিতে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার গণতান্ত্রিক অধিকার দমন করছে।
ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) শহীদ ভগত সিং শাখার নেতা তেজবীর সিং অভিযোগ করেন, হরিয়ানা পুলিশ পাঞ্জাবের ভূখণ্ডের ভেতরেই ব্যারিকেড স্থাপন করেছে। তিনি আরও দাবি করেন, এই পদক্ষেপের বিরোধিতা করার পরিবর্তে পাঞ্জাব সরকার ‘নীরব দর্শকের’ ভূমিকা পালন করেছে।
তবে পাঞ্জাব থেকে আসা কৃষকদের বহর শম্ভু সীমান্তে আটকে দেওয়া হলেও হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র এবং আশপাশের জেলার কৃষকেরা দিল্লির উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন। দেশ বচাও মোর্চার ব্যানারে আহ্বান করা এই কিষাণ মহাপঞ্চায়েতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন অংশ নিয়েছে। তাদের প্রধান দাবি, কেন্দ্র সরকার যেন প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির পরিকল্পনা থেকে সরে আসে।
কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির (কেএমএসসি) নেতা সর্বন সিং পান্ধের জানান, কেএমএসসি, কিষাণ মজদুর মোর্চা (পাঞ্জাব শাখা), আজাদ কিষাণ মোর্চা এবং বিকেইউ একতা সংঘর্ষের বহর পাঞ্জাবের বিভিন্ন এলাকা থেকে যাত্রা শুরু করলেও শম্ভু সীমান্তে পৌঁছানোর পর তাদের থামিয়ে দেওয়া হয়।
কৃষক নেতাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী বাণিজ্য প্রতিবেদনে ধারাবাহিকভাবে ভারতের কৃষি ও দুগ্ধবাজারে আরও বেশি প্রবেশাধিকার দাবি করা হয়েছে। এজন্য সয়াবিন, ভুট্টা, তুলা, ইথানল, আপেল, আলমন্ড, দুগ্ধজাত পণ্য, পোলট্রি ও মৎস্যজাত পণ্যের ওপর শুল্ক কমানো এবং বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার সুপারিশ করা হয়েছে।
তাদের সতর্কবার্তা, ভারতের বাজার যদি ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে ভারতের কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না। একই সঙ্গে তারা আলোচনার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত চুক্তির গুরুত্বপূর্ণ বিবরণ এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
কৃষক সংগঠনগুলোর মতে, ভারতের দুগ্ধ খাত একাই প্রায় ৮ কোটি গ্রামীণ পরিবারের জীবিকার ভিত্তি। এই খাত ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পুরো গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে পড়বে এবং দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্র উদ্যোগগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ পরিস্থিতিতে দেশ বচাও মোর্চা কেন্দ্র সরকারের কাছে প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি-সংক্রান্ত সব নথি অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে। পাশাপাশি কৃষক, শ্রমিক, দুগ্ধ উৎপাদক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে পূর্ণঙ্গ পরামর্শ ছাড়া কোনো বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর না করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন