প্রিন্ট এর তারিখ : ২৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
ইউরোপের 'ইরাসমাস মুন্ডুস' স্কলারশিপ পেলেন পাবিপ্রবির শিক্ষার্থী আল ফাতেমা
মোঃ আজিজুল ইসলাম , Campus Correspondent ||
ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত মর্যাদাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 'ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স' (Erasmus Mundus Joint Master Degree) স্কলারশিপ অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফাতেমা। তিনি পাবিপ্রবির রসায়ন বিভাগ থেকে বিদেশে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া প্রথম নারী শিক্ষার্থী, সেই সাথে এই নির্দিষ্ট বিষয়ে স্কলারশিপ অর্জনকারী হিসেবে তিনি প্রথম বাংলাদেশী নারী এবং বাংলাদেশ থেকে সামগ্রিকভাবে তৃতীয় বাংলাদেশী।ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য প্রদত্ত এই স্কলারশিপটির অধীনে তিনি 'Advanced Spectroscopy in Chemistry' বিষয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই তিনি ভিসা লাভ করে তার যাত্রা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ল্যাবরেটরিতে নিরলস গবেষণা, একাগ্রতা এবং অসাধারণ মেধার স্বাক্ষর রেখে তিনি এই সাফল্য অর্জন করেছেন। পড়াশোনা চলাকালীন সময়ে ইউরোপের একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গবেষকদের সাথে কাজ করার সুযোগ পাবেন তিনি।তার এই কৃতিত্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও স্বজনরা আনন্দিত।বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করায় বিভাগের শিক্ষকরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।তার এই অর্জন সম্পর্কে জানতে চাইলে আল ফাতেমা দ্য ক্যাম্পাস টাইমস'কে জানান -"প্রথমেই মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, তাঁর রহমত ছাড়া আজকের এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না। আমার বিশ্বাস জীবনে সফলতার চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম, ধৈর্য, ধারাবাহিকতা এবং নিজের লক্ষ্যের প্রতি অটল থাকা। মর্যাদাপূর্ণ 'ইরেসমাস মুন্ডুস স্কলারশিপ' অর্জন আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মাইলফলক। এটি শুধু একটি স্কলারশিপ নয়, বরং আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং বিশ্বের শীর্ষস্থানীয় গবেষকদের সঙ্গে কাজ করার এক চমৎকার সুযোগ। এই দীর্ঘ পথচলায় আমার পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন, সম্মানিত শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম অনুপ্রেরণা আমাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে। অর্জিত এই জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদের দেশ, সমাজ এবং বিজ্ঞান গবেষণার সমৃদ্ধিতে যেন ভূমিকা রাখতে পারি এটাই আমার মূল লক্ষ্য। এই নতুন যাত্রায় আমি সবার আন্তরিক দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।"ভবিষ্যতে গবেষণার মাধ্যমে দেশের মুখ আরও উজ্জ্বল করতে এবং রসায়ন বিজ্ঞানে নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে আল ফাতেমা সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন