নিহত দুই ভাই হলো পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা পরিষ্কার করার জন্য পানিতে নামে। এ সময় ছোট ভাই শামিম পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয়। সেও পানিতে তলিয়ে যায়। দুই শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। একপর্যায়ে তাদের মা পুকুরপাড়ে গিয়ে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, দুপুরে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।