জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের উদ্যোগে 'জুলাই স্মৃতি উদ্যান' উদ্বোধন, বৃক্ষরোপণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় (ব্লাড গ্রুপিং) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ আগস্ট হল প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই স্মৃতি উদ্যান' উদ্বোধন করেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। উদ্বোধন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হল সংসদের ভিপি মো. রবিউল ইসলাম, জিএস মো. রবিউল ইসলাম, সমাজসেবা সম্পাদক সুমন হাসান সাজুসহ হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।
একই দিনে বাঁধন, অমর একুশে হল ইউনিটের সঙ্গে যৌথ উদ্যোগে হলের সামনে আয়োজন করা হয় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প। দিনব্যাপী এ কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
আয়োজকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতেই এই দুই কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্মৃতি উদ্যান ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের আত্মত্যাগের ইতিহাস বহন করবে এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প জরুরি প্রয়োজনে রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অমর একুশে হলের প্রাধ্যক্ষ, বাঁধন-এর প্রতিনিধিবৃন্দ, হল সংসদের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।