শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘MindBridge: Connecting Minds, Building Resilience’ শীর্ষক এক বিশেষ কাউন্সেলিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য মো. বেলালে হোসাইন অপু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
কর্মশালার মূল সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের শিক্ষক ও টিএসসির ছাত্র কাউন্সেলিং ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবিন হক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম জিকরুল ইসলাম।
সেশনে শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ, একাডেমিক ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা, বিষণ্নতা মোকাবিলা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ইতিবাচক মানসিকতা গড়ে তোলার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। আলোচকরা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিযোগিতা ও অনিশ্চয়তার কারণে মানসিক চাপ সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে সময়মতো কাউন্সেলিং গ্রহণ, ইতিবাচক চিন্তাভাবনা এবং নিজের প্রতি আস্থা রাখার মাধ্যমে এসব সংকট কাটিয়ে ওঠা সম্ভব। পাশাপাশি প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, "একজন শিক্ষার্থীর শুধু একাডেমিক সফলতা নয়, মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় জীবনের নানা চাপ ও চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিকভাবে দৃঢ় থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ডাকসু সবসময় কাজ করে যাবে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ক্যারিয়ারবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, স্যার এ এফ রহমান হল সংসদের ভিপি রফিকুল ইসলামসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কাউন্সেলিং সেবাকে সহজলভ্য করা এবং একটি সহমর্মী ও ইতিবাচক বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তুলতেই ‘MindBridge’ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও ব্যক্তিগত বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।