বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলে সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও কর্মকাণ্ডের প্রশংসা করেন ছাত্রদলের নেতারা। একই সঙ্গে শেখ হাসিনার বিচার দাবি করেন তারা।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন শ্যামল মালুম।
বক্তব্যে শ্যামল মালুম বিএনপি সরকারের ১৮০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জনের কথা তুলে ধরেন। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে ছাত্রদল পাশে থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরে শ্যামল মালুম বলেন, দেশের অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় বর্তমান সরকারের কার্যক্রমে ছাত্রদল সহযোগিতা করবে। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন থাকবে, এই সরকারের অগ্রগতি এবং উন্নয়নের কার্যক্রমে আমরা পাশে থেকে তাদের এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যারা আগস্ট বিপ্লবে অংশ নিয়েছিলাম, আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা যারা আন্দোলন-সংগ্রামে ছিলাম, আমরা বেঁচে থাকতে এই গণহত্যাকারীদের বাংলাদেশে পুনর্বাসন করতে দেব না।’
এ সময় শেখ হাসিনার বিচার দাবি করে তিনি বলেন, ‘বিচার, বিচার, বিচার চাই—খুনি হাসিনার বিচার চাই।’
মিছিল থেকে ‘দিল্লির নাই পিন্ডি নাই, সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বক্তব্যের শেষদিকে শ্যামল মালুম বলেন, আগামী দিনে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন কর্মসূচি সফল করতে ছাত্রদলের নেতাকর্মীরা সজাগ থাকবে। দেশের যে ‘অপশক্তি’ মাথাচাড়া দিয়ে উঠছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মিছিল ও পরবর্তী সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।