পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় হল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের তরুণ নেতৃত্ব তারিফ ও জামশেদ। কর্মসূচিতে হলের সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শহীদুল্লাহ হলের বিভিন্ন স্থানে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে মাল্টা, জলপাই, জাম, কাঁঠাল, নিম, বহেরা, হরিতকি, বকুল, বাদামলাটি, কদম ও গামারিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। ফলদ বৃক্ষের পাশাপাশি দেশীয় বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে হলের পরিবেশকে আরও সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের তরুণ নেতৃত্ব তারিফ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবুজ-শ্যামল ও পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যাবে।”
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির পাশাপাশি তাদের সুস্থ ও ইতিবাচক বিকাশেও ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাস এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ করা হলে পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় আরও সবুজ ও নান্দনিক হয়ে উঠবে। শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধও বাড়াবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু বৃক্ষরোপণের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হবে। শহীদুল্লাহ হলকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি নেওয়া হবে।