তরুণ সাহিত্যিকদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে আয়োজিত ‘সিটি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ পেয়েছেন চার তরুণ সাহিত্যিক। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
এ বছর চারটি বিভাগে পুরস্কার পেয়েছেন—কবিতায় ‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ গ্রন্থের জন্য রনক জামান, কথাসাহিত্যে ‘ত্রিস্তান’ গ্রন্থের জন্য হামিম কামাল, প্রবন্ধ ও গবেষণায় ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’ গ্রন্থের জন্য রাফাত আলম এবং শিশু-কিশোর সাহিত্যে ‘দস্যু ও দুই দুরন্ত’ গ্রন্থের জন্য রবিউল কমল।
প্রবন্ধ ও গবেষণা বিভাগে পুরস্কারপ্রাপ্ত রাফাত আলম তাঁর ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’ গ্রন্থের জন্য এ সম্মাননা পেয়েছেন। বইটি প্রকাশ করেছে The University Press Limited (UPL)।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে রাফাত আলম বলেন, এ সম্মাননা প্রাপ্তিতে তিনি আনন্দিত। অনুষ্ঠানে তাঁর বন্ধু-সুহৃদ, প্রাক্তন শিক্ষার্থী ও নিকটজনদের অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও ভালোবাসা তাঁকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
তরুণ কবি, লেখক ও গবেষকদের সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে দেওয়া এ পুরস্কার দেশের তরুণ সাহিত্যিকদের সৃজনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এবারের চার বিজয়ীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।