টি-২০ বিশ্বকাপে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েদের সংগ্রহটা মোটেও ভালো হয়নি। শনিবার সাউদাম্পটনে পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে ৬ উইকেটে ১২৩ রানে আটকে গিয়েছিল বাংলাদেশ। তবে বোলারদের দাপটে পাকিস্তানকে অলআউট করে ২৩ রানের জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
টি-২০ বিশ্বকাপে তিন ম্যাচ খেলা বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এই জয়ে গ্রুপ গ্রুপ ওয়ানে তিনে উঠেছে বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিল মেয়েরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মেয়েরা ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার দিলারা আক্তার (৫) ও জুয়াইরিয়া ফেরদৌস (৫) ও তিনে নামা শারমিন আক্তার (০)। নিগার সুলতানা ও সোবহানা মুস্তারি জুটি গড়লেও তা দীর্ঘ হয়নি। দলের ৪৮ রানে সোবহানা ২২ রান যোগ করে ফিরে যান।
দলের রান বাড়িয়ে নেওয়ার কাজটা করেছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। স্পিন এই অলরাউন্ডার ২২ বলে ৩৯ রানের কার্যকরী এক ইনিংস খেলেন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। অধিনায়ক নিগার ১৮তম ওভারে ফিরে যাওয়ার আগে ৩৮ বলে ৩৬ রান করে দলের ইনিংস ধরে রাখেন।
ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের মেয়েরা নির্ভার শুরু করে সহজে ম্যাচ বের করে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিল। ওপেনার মুনিবা আলী ২৫ ও গুল ফিরোজা ২৩ রান যোগ করে ৪৯ রানের জুটি এনে দেন। তারা ফিরতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তিনে নামা আয়েশা জাফর ১১ রান করেন। অধিনায়ক ফাতিসা সানা ১০ রান করেন। আর কেউ বলার মতো রান করতে না পারায় ইনিংসের শেষ বলে ১০০ রান করে অলআউট হয় পাকিস্তানের মেয়েরা।
বাংলাদেশ নারী দলের হয়ে স্পিনার সানজিদা আক্তার মেঘা ও নাহিদা আক্তার দুর্দান্ত বোলিং করেছেন। মেঘা ৪ ওভারে ২১ রান দিয়ে এবং নাহিদা ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি করে উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন রাবেয়া খান ও ঋতু মনি।