পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম (নবীনবরণ) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদেরকে ফুল ও ইনডোর প্ল্যান্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে 'ওরিয়েন্টেশন স্পীকার' হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ। তিনি বলেন, "জ্ঞান সৃষ্টি হয় প্রশ্ন ও কৌতূহল থেকে। মানুষ যদি প্রশ্ন করা বন্ধ করে দেয়, তাহলে জীবন থেমে যাবে। শিক্ষার্থীদের প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে।" ব্যর্থতাকে ভয় না পেয়ে লেগে থাকলে সাফল্য আসবে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান শুধু শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা। স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। বিশ্বকে বদলে দিতে, বড় কিছু করতে স্বপ্ন দেখাটা জরুরি। স্বপ্ন কখনো বিশ্বাসঘাতকতা করে না। স্বপ্নের পরাজয় নেই। জীবনে সফল হতে হলে বড় বড় স্বপ্ন দেখার পাশাপাশি প্রচুর লেখাপড়া করতে হবে। শিক্ষা মানুষকে সভ্য করে কিন্তু চাকরী দেয়না। চাকরি দেয় দক্ষতা। আজকের দুনিয়ায় একটি দক্ষতা অনেক সময় একটি ডিগ্রীর চেয়েও বেশি শক্তিশালী সম্পদ।" তিনি আরও বলেন, নিজেকে মূল্য দেওয়া শেখ, নিজেকে দামী বানাও। নিজের একটি পরিচয় তৈরি করো।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত মহিলা আসন-৯ এর সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং সংরক্ষিত মহিলা আসন-৩০ এর সংসদ সদস্য আরিফা সুলতানা। বক্তারা বিশ্বনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলা, মানবিকতা রক্ষা করা এবং সময়োপযোগী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। তাঁরা সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে মুক্ত হয়ে উচ্চ নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং বিভিন্ন অনুষদের ডিনরা বক্তব্য প্রদান করেন।