ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
The Campus Times online

মোঃ আজিজুল ইসলাম

মোঃ আজিজুল ইসলাম

Campus Correspondent


"পৃথিবীর ইতিহাসে সেনাপ্রধানকে মুক্ত করতে সিপাহি-জনতার ক্যান্টনমেন্টে প্রবেশ বিরল ঘটনা": ৭ নভেম্বর প্রসঙ্গে পাবিপ্রবিতে হাবিবুর রহমান হাবিব

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে পাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের আলোচনার বিষয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। যখন যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডাকা হবে, তখন সেই বিষয় নিয়েই আলোচনা করতে হবে। আমরা শুধু ইতিহাস শিখতে চাই না; ৭ নভেম্বরের গুরুত্ব বুঝে ভবিষ্যতে এ দেশের মানুষকে বিষয়টি বোঝাতে চাই। আজকের দিনে কী ঘটেছিল, সেটি গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “পৃথিবীর ইতিহাসে এ ধরনের ঘটনা খুব বেশি নেই। কোনো দেশের সেনাপ্রধান গৃহবন্দী হওয়ার পর তাঁকে মুক্ত করার জন্য সাধারণ সিপাহি ও জনতা ক্যান্টনমেন্টে প্রবেশ করেছে এমন ঘটনা বিরল। এটি একটি ব্যতিক্রমী ঘটনা।”তিনি বলেন, “সেদিন শহীদ জিয়াউর রহমানের সঙ্গে কী হতে পারত, কারা তাঁকে মুক্ত করেছিল, কেন মুক্ত করেছিল এবং কাদের স্বার্থে মুক্ত করেছিল এসব বিষয়েও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ দায়িত্ব ছাড়ার পর নিজের দক্ষতায় জিয়াউর রহমান সেনাপ্রধানের দায়িত্ব পান এবং দায়িত্ব পালন করেন।”পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমূল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ওলী-উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মইন অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজল, তথ্য ও গবেষণা সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্বের যে দর্শন প্রতিষ্ঠিত হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে এ দর্শন দেশের মানুষের মধ্যে ঐক্য ও সংহতির চেতনা জাগ্রত করেছে।