৫৩ বছর পর বোতলের ভেতর পাওয়া শিশুর চিঠিতে লেখা ছিল অপহরণের বর্ণনা
শুক্রবার (৩১ জুলাই) নিউজার্সিভিত্তিক একটি পরিচ্ছন্নতাকর্মী সংগঠনের সহপ্রতিষ্ঠাতা জন কটারম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে ওই চিঠির একটি ছবি শেয়ার করার পর ঘটনাটি সামনে আনেন।
জানা যায়, শিশুর লেখা সেই চিঠিটি মূলত নিছকই একটি কৌতুক ছিল। সেখানে সে লিখেছিল যে, তাকে অপহরণ করে আটলান্টিক উপকূলের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে এবং নিষ্ঠুর জেলেরা তাকে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করছে।
চিঠিতে বলা হয়-১৯৭৩ সালের ২০ আগস্ট ওশান সিটির সৈকত থেকে বোতলটি সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যে ব্যক্তি বোতলটি পাবেন, তার কাছে চিঠিটি ওই শিশুর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল, যাতে তার জীবন বাঁচানো সম্ভব হয়।
এদিকে শিশুটির খোঁজ পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠির ছবিটি শেয়ার করেছিলেন জন কটারম্যান। যদিও লরিকে খুঁজে পাওয়া যায়নি, তবে চিঠির ছবিটি তার বোন অ্যালিসিন স্পেন্সারের কাছে ঠিকই পৌঁছে যায়।
তার হাতের লেখা ভালো হওয়ায় বোন লরি তাকে দিয়ে চিঠিটি লিখিয়েছিল মন্তব্য করে অ্যালিসিন স্পেন্সার জানান, এরপর লরি নিজে চিঠিটি একটি বোতলের ভেতর ঢুকিয়ে সৈকত থেকে সমুদ্রে ভাসিয়ে দেয়।
তার বোন অত্যন্ত সৃজনশীল ছিল এবং তার রসবোধও ছিল প্রখর বলে জানান অ্যালিসিন।
এসময় আক্ষেপ করে অ্যালিসিন স্পেন্সার জানান, ২০১৯ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে লরি ব্লেয়ার মারা গেছেন।
জানা যায়, চিঠিটি অ্যালিসিন স্পেন্সারের কাছে পাঠিয়ে দিয়েছেন জন কটারম্যান।
এদিকে সেই চিঠিটি স্মৃতিচিহ্ন হিসেবে বাঁধাই করে নিজের বাড়িতে সাজিয়ে রাখার পরিকল্পনা করেছেন অ্যালিসিন বলে জানা গেছে।