ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

অভিযুক্ত ছেলে হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। ভুক্তভোগী ৮০ বছরের শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধা আনোয়ারা বেগমের অভিযোগ, বের করে দেওয়ার পর ঘরের সামনে ঘণ্টাখানেক তিনি বৃষ্টিতে ভিজে আকুতি-মিনতি করলেও তাঁর ছেলে ও পুত্রবধূ তাঁকে ঘরে জায়গা দেননি। জানা গেছে, আনোয়ারা বেগমের স্বামী আবুল হাসেম হাওলাদার ২০০৫ সালে মারা যান। ২০০৭ সালে তিনি পাঁচ ছেলের নামে জমি-জমা লিখে দেন। এরপর থেকে ছেলেরা পর্যায়ক্রমে তাঁর ভরণপোষণ দেন। আজ দুপুরে ভাগ-বাঁটোয়ারা না হওয়া কিছু জমি নিজের নামে লিখে দিতে বলেন চতুর্থ ছেলে হেলাল হাওলাদার। এতে আনোয়ারা বেগম অস্বীকৃতি জানালে হেলাল ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। আনোয়ারা বেগম ঘরের সমানে ঘণ্টাখানেক বৃষ্টিতে ভিজে অনুনয়-বিনয় করলেও তাঁকে ঘরে জায়গা দেননি হেলাল ও তাঁর স্ত্রী। পরে খবর পেয়ে আনোয়ারা বেগমের ভাতিজা আবু সালেহ মুছা তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। আবু ছালেহ মুছা বলেন, ‘আমার ফুফু তাঁর পাঁচ ছেলেকে জমি লিখে দিয়েছেন। কিছু জমি এখনো ভাগ-বাঁটোয়ারা হয়নি। সেই জমি হেলাল তাঁকে লিখে দিতে বলেন। কিন্তু ফুফু রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে হেলাল তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন।’ বৃদ্ধা আনোয়ারা বেগম ভাঙা গলায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পোলায় আর বউ মোরে ধাক্কা দিয়া ঘরের থোন নামাইয়া দেছে। মুই দেওউতে ভিইজ্যা কান্না-কাটি হরছি। হ্যারপরও মোরে পোলায় ঘরে উডায় নাই। মুই এইয়্যার বিচার চাই।’ তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হেলাল হাওলাদার। তিনি বলেন, ‘রাস্তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। তাই আমার বিরুদ্ধে অন্য চার ভাই ও মামারা মিলে মিথ্যা অভিযোগ এনেছেন।’ এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন, ‘মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সত্যতা পেলে হেলালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে