ঢাকা    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন। পরে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মরণসভায় অংশ নেন।  আহমেদ আজম খান বলেন, বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক হলেও দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে সব সংকট মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে গুলি করেছে, ঝাঁঝরা করে দিয়েছে ১৪শ' মায়ের বুক, তাদেরকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। প্রত্যেকটি আসামি, প্রত্যেকটি ফ্যাসিস্টের দোসরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব। তাদের বিচার এমন দৃষ্টান্তমূলকভাবে করব যে, সারা জাতি চিরকাল ধরে মনে রাখবে। মন্ত্রী বলেন, আজকে আবু সাঈদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম এই ১৬ জুলাই ফ্যাসিস্টদের ঝাঁঝরা গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আবু সাঈদের শাহাদাতের পর ১৭ জুলাই থেকে যেভাবে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, যেভাবে সারা জাতি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তারই পরিণতি ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান।  মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেমন ফ্যাসিবাদের পতন হয়েছে, তেমনি আমরা ফিরে পেয়েছি আমাদের গণতন্ত্র। জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার ও নির্বাচিত সংসদ পেয়েছি। জুলাই সনদ বাস্তবায়ন করব। বঞ্চিত রংপুরকে আলোকিত করব, আর রংপুরকে আলোকিত করার পাশাপাশি সারা বাংলাদেশকে উন্নয়নের আলোয় আলোকিত করব। এটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার।  এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা (ফেন্সী), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী ডন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার জাতি চিরকাল মনে রাখবে: মুক্তিযুদ্ধমন্ত্রী