ঢাকা    শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব চিত্রে এমন ইঙ্গিত মিলেছে যে, ইরান জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে। এমনকি চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার আগেই এই স্মারক লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে পারচিনের একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়েছে। জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট চিত্র সম্পর্কে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ইরান ওই স্থানটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ পর সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই ঢাকনাগুলো সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়। কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।’ বিশেষজ্ঞরা বলছেন, এসব ট্রাক থেকে ধারণা করা হচ্ছে, ইরান গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন। কারণ, চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছিল।

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ