ইরাকে শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত করা হবে খামেনিকে
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। ৮ জুলাই তার শেষ বিদায়ের মিছিল বা শোকযাত্রা যাবে ইরাকে। এরপর ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
খামেনির দাফন প্রথমে মার্চ মাসে হওয়ার কথা ছিল; কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়। গত ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় তিনি নিহত হন।
ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রা ইরানে অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে শোকযাত্রা যাবে ইরাকে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় তেহরানের মেয়র আলিরেজা জাকানি বলেন, খামেনির বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আগামী ৮ জুলাই শোকযাত্রা যাবে ইরাকে এবং ৯ জুলাই যদি আল্লাহ চান, ইরানের মাশহাদে শেষ অনুষ্ঠান হবে, যেখানে তাকে দাফন করা হবে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো জানাজা ও শোকযাত্রা কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে এবং এতে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিও অন্তর্ভুক্ত থাকবে।