ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

নিকাব নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নিকাব নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছেন নারী শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুন) দুপুর ১টায় ‘সম্মিলিত নারী শিক্ষার্থী’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের অন্তত ৩০ জন ছাত্রী অংশ নেন। এ সময় তারা নিকাব নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। এর আগে বেলা ১১টায় একই ইস্যুতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রশিবির। সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন। কর্মসূচিতে সংগঠনটির সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতি ইউসুফ আলী বলেন, মনিরুল হক চৌধুরীর হিজাব ও নিকাব নিয়ে করা মন্তব্যে দেশের নারী সমাজের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে তিনি সংসদে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিকাব নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন ও বিক্ষোভ