ঢাকা    রোববার, ২১ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুক্ত হয়েছে কাতারি সরকারের উপহার দেওয়া একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমান, যা এখন থেকে ‘এয়ার ফোর্স ওয়ান’ বহরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহৃত হবে।  গত বছর মার্কিন প্রশাসনকে শর্তহীন উপহার হিসেবে দেওয়া এই জাম্বো জেটটির প্রয়োজনীয় রূপান্তর ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করেছে মার্কিন সামরিক বাহিনী। প্রায় ৪০০ মিলিয়ন ডলার (৩০০ মিলিয়ন পাউন্ড) মূল্যের এই বিশালাকার বিমানটি এখন মার্কিন প্রেসিডেন্টের আকাশপথের ভ্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুক্রবার (১৯ জুন) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই বিমানটির পর্দা উন্মোচন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, এই বিমানটিকে এমন এক বিলাসবহুল উড়ন্ত হোয়াইট হাউজে রূপান্তরিত করা হয়েছে, যা এর আগে কেউ কখনো দেখেনি।  বিমানটির কাঠ, অন্যান্য উপাদানের সূক্ষ্ম কারুকাজ এবং ইঞ্জিনগুলোর উচ্চ গুণগত মানকে বিশ্বের সেরা হিসেবে উল্লেখ করে ট্রাম্প কাতারের আমিরকে বিশেষ ধন্যবাদ জানান এবং একে একটি বড় সম্মান হিসেবে অভিহিত করেন। মার্কিন বিমানবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রেসিডেন্টকে বহন করার চূড়ান্ত অনুমোদনের আগে বিমানটির রূপান্তর প্রক্রিয়া পরীক্ষা করতে একটি প্রাথমিক পর্যবেক্ষণমূলক ফ্লাইট পরিচালনা করা হবে, যা মূলত বিমানটির ‘ফাইনাল এক্সাম’ বা চূড়ান্ত পরীক্ষা। এই আধুনিকায়ন প্রক্রিয়ায় বিমানটির নিরাপত্তা ব্যবস্থা, মিশন যোগাযোগ, লজিস্টিক সাপোর্ট এবং উন্নত প্রযুক্তির ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যেহেতু বিমানটি আগে অন্য দেশের মালিকানাধীন ছিল, তাই যেকোনো ধরনের সম্ভাব্য কারিগরি বা সাইবার নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি ‘নিউট্রালাইজড’ বা নিষ্ক্রিয় করা হয়েছে বলেও বিমানবাহিনী নিশ্চিত করেছে। তবে বিমানটির অভ্যন্তরীণ বিলাসবহুল সাজসজ্জায় খুব একটা পরিবর্তন আনা হয়নি, কেবল এর বাইরের অংশে লাল, সাদা, নীল এবং সোনালী রঙের একটি নতুন পেইন্ট করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার এই বিলাসবহুল বোয়িং বিমানটি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে উপহার হিসেবে প্রদান করে। তবে সে সময় এই উপহার গ্রহণের বিষয়টি মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিল। ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ মিত্রসহ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সমালোচকরাই দাবি করেছিলেন, এত উচ্চ মূল্যের উপহার গ্রহণ করা স্বার্থের সংঘাত তৈরি করে এবং এটি মার্কিন সংবিধান পরিপন্থী হতে পারে।  মার্কিন ফেডারেল আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা সাধারণত ৪৮০ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করতে পারেন না। তবে হোয়াইট হাউজ এই বিমান গ্রহণকে সম্পূর্ণ আইনি বলে দাবি করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর বিমানটি তাঁর প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দান করা হবে। আরও পড়ুনআরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল নতুন এই বিমানটি যুক্ত হওয়ার আগে মার্কিন এয়ার ফোর্স ওয়ান বহরে ১৯৯০ সাল থেকে দুটি ৭৪৭-২০০বি জেট বিমান ব্যবহৃত হয়ে আসছিল। হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, পুরনো বিমান দুটির একটিকে ইতোমধ্যে অবসরে পাঠানো হয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পুরনো বিমানটির একটি ছবি শেয়ার করে চেউং সেটিকে বিদায়ী অভিবাদন জানান। অবশ্য কাতারি এই জেটটি প্রেসিডেন্ট ট্রাম্প স্থায়ীভাবে ব্যবহার করছেন না। বোয়িং কোম্পানির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত দুটি অত্যাধুনিক ‘ভিসি-২৫বি’ জেট বিমান সরবরাহ করতে দেরি হওয়ার কারণে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিমানবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘমেয়াদে এয়ার ফোর্স ওয়ানের মূল দায়িত্ব পালনের জন্য তৈরি হতে যাওয়া বোয়িংয়ের সেই বিশেষ বিমান দুটি বর্তমানে উৎপাদনজনিত বড় ধরনের বিলম্বের মুখোমুখি রয়েছে।

ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার