ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজে পড়াশোনার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটারের দোকান পরিচালনা করতেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন রাব্বী। এ সময় কয়েকজন যুবক হঠাৎ তার ওপর হামলা চালায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে রাব্বী দৌড়ে পাশের নিজের দোকানের ভেতরে আশ্রয় নেন। পরে হামলাকারীরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা রাব্বীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাব্বীর চাচা হোসেন আলী বলেন, সকালে বাড়ি থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনে নিজের দোকানে গিয়েছিলেন তার ভাতিজা। সেখানে একদল যুবক প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকলেও ভয়ে কেউ প্রতিবাদ করেননি বলে অভিযোগ করেন তিনি। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন হোসেন আলী।এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে রাব্বীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে রাব্বীর পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।

পাসপোর্ট অফিসের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা