প্রধানমন্ত্রী তারেক রহমান এর কর্মসূচিতে গাছের চারা, সার ও বীজ বিতরণ অনুষ্ঠান
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন। তিনি কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলায় ২৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় দুই হাজার ২১০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি এক হাজার ১১০ জন কৃষকের মাঝে উচ্চফলনশীল আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।