ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জবিতে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ৮টার ক্লাসের জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন। শ্রেণিকক্ষের বাম পাশে ছাত্রীদের বসার অংশে চলন্ত অবস্থায় একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে বেঞ্চের ওপর পড়ে। এ সময় বেঞ্চে বসে থাকা শিক্ষার্থী আসমা বিনতে মফিজ ফ্যানের একটি পাখার আঘাতে আহত হন। ঘটনার পরপরই সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ বলেন, হঠাৎ ফ্যানটি খুলে নিচে পড়ে আমার মুখের বাম পাশে আঘাত লাগে। এখনো ব্যথা অনুভব করছি। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শ্রেণিকক্ষের সব ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ঘটনায় শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান অন্য শিক্ষার্থীরা। উল্লেখ্য, এর আগেও গত ২ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অনেক শিক্ষার্থী হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছিলেন।  

জবিতে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত