ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

নিহতরা হলো মো. শামীম (১৩) ও মো. আফনান (১৪)। শামীমের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকায়, আর আফনানের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা গ্রামে। তারা দুজনই পরিবারের সঙ্গে টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত এবং টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, সকালে তিন বন্ধু স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে নামার পর হঠাৎ স্রোতে তলিয়ে যেতে থাকে তারা। তাদের মধ্যে শিপন নামে এক শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শামীম ও আফনান নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ এবং টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা পর, বেলা আড়াইটার দিকে ডুবুরি দল নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু