ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ
নড়াইলে মির্জা গালিব সতেজ নামের এক ব্রাজিল সমর্থকের ছবি সম্পাদনা করে তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আর্জেন্টিনা সমর্থক বন্ধু সোহাগ ফারাজিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (২১ জুন) ভুক্তভোগী মির্জা গালিব সতেজের বন্ধু শাহাদাত জালাল পিয়াসের পক্ষে নড়াইল জজ কোর্টের আইনজীবী ফেরদৌস ইসলাম তনু এ নোটিশ পাঠান।
শাহাদাত জালাল পিয়াস ও মির্জা গালিব সতেজের বাড়ি নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায়। অভিযুক্ত সোহাগ ফারাজির বাড়ি একই উপজেলার আদমপুর গ্রামে।
আইনি নোটিশে বলা হয়েছে, মির্জা গালিব সতেজ একজন ব্রাজিল সমর্থক; কিন্তু সোহাগ ফারাজি তার ছবি সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে বিভিন্ন ছবি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন; যা সম্পূর্ণ বেআইনি। এতে মির্জা গালিব সতেজ ও শাহাদাত জালাল পিয়াসের মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়।
নোটিশে আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই সব ছবি মুছে ফেলতে হবে এবং মির্জা গালিব সতেজের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় সোহাগ ফারাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মির্জা গালিব সতেজ বলেন, আমিসহ কয়েকজন ব্রাজিল সমর্থক বন্ধুর ছবি এডিট করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট করেছে বন্ধু সোহাগ। এ কারণে আমার আরেক বন্ধু ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াস আইনি নোটিশ পাঠিয়েছেন সোহাগকে। আমাদের মান-সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই সোহাগ এসব পোস্ট করেছে বলে আমরা মনে করি। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে জানতে সোহাগ ফারাজির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।