খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা
খেলার মাঠে শুধু দলের প্রতি সমর্থন নয়, শৃঙ্খলা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছেন জাপানের ফুটবল সমর্থকরা। আবারো ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আলোচনায় তারা।
ম্যাচ শেষ, উৎসবও শেষ। তবুও অন্য দর্শকদের মতো দ্রুত স্টেডিয়াম ত্যাগ না করে, গ্যালারি পরিষ্কার করে মাঠ ছাড়েন জাপানিজরা। তাদের এই সচেতন আচরণ আবারো বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামে জাপান। রোমাঞ্চকর সেই লড়াই ২-২ গোলে ড্র হয়। তবে খেলার শেষে আলোচনায় আসে জাপানি সমর্থকদের দায়িত্বশীল আচরণ।
খেলা শেষ হওয়ার পর ডালাসের স্টেডিয়ামে দেখা যায় গ্যালারিতে পড়ে থাকা পানির বোতল, খাবারের মোড়কসহ বিভিন্ন ধরনের আবর্জনা নিজেরাই কুড়িয়ে নিচ্ছেন জাপানের সমর্থকরা।
বড় প্লাস্টিকের ব্যাগে সেগুলো ভরে নির্ধারিত বর্জ্য ফেলার স্থানে নিয়ে যান তারা। পুরো গ্যালারি পরিষ্কার করার পরই স্টেডিয়াম ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই দৃশ্যের ছবি ও ভিডিও। বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীরা তাদের এই সচেতনতা, শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন।
অবশ্য জাপানি সমর্থকদের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও নিজেদের দলের ম্যাচের পাশাপাশি অন্য দলের খেলাতেও গ্যালারি পরিষ্কার করার নজির গড়েছিলেন তারা। সেই ঐতিহ্য এবারো ধরে রেখেছেন।
মূলত জাপানের ক্রীড়া সংস্কৃতিরই অংশ এটি। দেশটির ঘরোয়া ফুটবল লিগ থেকে শুরু করে আন্তর্জাতিক আসর- সব জায়গাতেই ম্যাচ শেষে আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব সমর্থকরাই পালন করেন।
তাদের বিশ্বাস, খেলা উপভোগ করার পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখাও দর্শকের দায়িত্ব। দায়িত্বশীল নাগরিকত্বের এই অনন্য সংস্কৃতি আবারো বিশ্বমঞ্চে দৃষ্টান্ত হয়ে উঠেছে।