ঢাকা    রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা

সর্বশেষ রোববার (৫ জুলাই) সন্ধ্যার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর আগে শুক্রবার থেকে বৈরী আবহাওয়ার কারণে ওই রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার চলাচল তিনদিন ধরে বন্ধ থাকায় দ্বীপবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দ্বীপের কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী। আগামীকাল (সোমবার) তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ট্রলার চলাচল বন্ধ থাকায় তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্ট গার্ডের একটি বড় ট্রলার সেন্টমার্টিনে এলে সেটিতে করে পরীক্ষার্থীদের টেকনাফে আনার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও কোস্টগার্ডের সঙ্গে আলোচনা চলছে। টেকনাফ ইউএনও এস. এম. অনীক চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা