৫৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস সূর্যবংশীর
মাত্র ১৫ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। দুলিপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরি করার কীর্তি এখন তার দখলে।
বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেমিফাইনালে ইস্ট জোনের হয়ে মাত্র ৪২ বলে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন সূর্যবংশী। তখন তার বয়স ১৫ বছর ১৫৭ দিন। এর মধ্য দিয়ে ১৯৬৯ সালে লক্ষ্মণ সিংয়ের গড়া ১৬ বছর ২৩ দিনের রেকর্ড ভেঙে দেন তিনি।
তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ৯২ রানে থামতে হয় সূর্যবংশীকে। মাত্র ৮ রানের জন্য শচীন টেন্ডুলকারের দুলিপ ট্রফিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটি ভাঙতে পারেননি তিনি।
ম্যাচে আরও একটি দায়িত্বও সামলাতে হয়েছে এই তরুণকে। প্রথম দিন নিয়মিত অধিনায়ক ইশান কিষান কবজিতে চোট পেয়ে মাঠ ছাড়লে সহ-অধিনায়ক সূর্যবংশীর কাঁধে ওঠে নেতৃত্বের দায়িত্ব। বাড়তি চাপের মধ্যেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তিনি।